মিথ্যে মামলার অভিযোগে পুলিশ সুপারের দপ্তরে বিজেপি নেতৃত্ব, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

কোচবিহার: মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানো হচ্ছে এই অভিযোগ তুলে সোমবার কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তরে দারস্ত হলো বিজেপির জেলা নেতৃত্ব ও বিধায়করা।

সাম্প্রতিক সময়ে একের পর এক বিজেপি নেতা ও কর্মী মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গ্রেপ্তার করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের প্রভাবেই পুলিশ বেছে বেছে বিজেপি কর্মীদের আটক করছে বলেও দাবি তাদের।

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল শিবির।
সোমবার কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সহ মিনতি দাস ইশো জেলা পুলিশ সুপারের দপ্তরে যান।

সেখানে তারা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব দাবি করেন, “মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের জেলে ভরা হচ্ছে।

কোচবিহার জেলার সব পুলিশ নয়, কিছু সংখ্যক পুলিশ তৃণমূল নেতাদের কথা শুনে কাজ করছে।” তাঁরা জানান, এদিন জেলা পুলিশ সুপারের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব না হলেও অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে ও তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি ভবিষ্যতেও একইভাবে তাদের কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ চলতে থাকে, তবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here