শোভাযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে মেয়র গৌতম দেব ও বিধায়ক শংকর ঘোষ

শিলিগুড়ি: রাজনীতির ভেদরেখা ভুলে মহাশিবরাত্রির পবিত্র আবহে একসঙ্গে দেখা গেল শিলিগুড়ির দুই শীর্ষ জনপ্রতিনিধিকে। রবিবার সন্ধ্যায় শহরের ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত শিবরাত্রি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

দীর্ঘ পথ পায়ে হেঁটে শোভাযাত্রায় পরিক্রমা করেন দুই জনপ্রতিনিধি। ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও উৎসবের আবহে সামিল হন।

তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরে কৌতূহল ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে।

শহরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা শোভাযাত্রায় যোগ দেন।

ঢাক-ঢোল, আলোকসজ্জা ও ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। শিবভক্তদের উপস্থিতিতে ৫ নম্বর ওয়ার্ড যেন এক উৎসবমুখর মেলায় পরিণত হয়।

রাজনৈতিকভাবে ভিন্ন মতাদর্শের দুই নেতা একই শোভাযাত্রায় অংশ নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছেছে বলে মত স্থানীয়দের। ধর্মীয় উৎসব যে সম্প্রীতি ও ঐক্যের বার্তা বহন করে, এদিনের উপস্থিতি যেন সেই বার্তাকেই আরও জোরালো করেছে।

শোভাযাত্রার সুষ্ঠু পরিচালনার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান মেয়র ও বিধায়ক।

প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ফলে শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয় গোটা অনুষ্ঠান।

শহরবাসীর কথায়, রাজনীতির ঊর্ধ্বে উঠে এভাবে একসঙ্গে অংশগ্রহণ ভবিষ্যতেও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here