২০তম বিশ্ব ডুয়ার্স উৎসবে SIR হিয়ারিং ও BLA-2 ইস্যুতে সরব উদয়ন গুহ!

আলিপুরদুয়ার: শহরের প্রাণকেন্দ্র প্যারেড গ্রাউন্ড ময়দানে আজ থেকে শুরু হলো ২০তম বিশ্ব ডুয়ার্স উৎসব। উৎসবের সূচনালগ্নেই SIR-এর হিয়ারিং প্রক্রিয়া ও BLA-2 দের প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে সরব হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডুয়ার্স উৎসব কমিটির সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী।
মন্ত্রী উদয়ন গুহ বলেন, “নির্বাচন কমিশন যদি BLA-2 দের প্রবেশ নিষিদ্ধ করে, তাহলে তা লিখিতভাবে জানাতে হবে।” অন্যদিকে সৌরভ চক্রবর্তীর অভিযোগ, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এই অঞ্চলের টোটো জনজাতির মানুষরা অত্যাচারিত হচ্ছেন। তাঁর দাবি, আজ টোটো সম্প্রদায়ের মানুষদের হিয়ারিং প্রক্রিয়ায় ডাকা হওয়ায় তারা উৎসবে যোগ দিতে পারেননি।
৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত টানা ১২ দিন ধরে চলবে এই বিশ্ব ডুয়ার্স উৎসব। উৎসব শুরুর আগে ডুয়ার্স উৎসব কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আলিপুরদুয়ার চৌপথি থেকে শুরু হয়ে প্যারেড গ্রাউন্ড ময়দানে এসে শেষ হয়। এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলু চিক বড়াইক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

জানা গেছে, প্রায় ২ লক্ষ ৫০ হাজার স্কোয়ার মিটার এলাকা জুড়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে সরকারের অর্থ, পূর্ত, কৃষি, খাদ্য, সেচ, বন, রেল, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সহ আলিপুরদুয়ার পৌরসভার একাধিক স্টল রয়েছে। মোট ২২০০টি স্টল বসেছে এই উৎসবে।

মূলত টোটো, মেচ, রাভা, গোর্খা, আদিবাসী ও ডুকপা জনজাতিদের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই ডুয়ার্স উৎসবের আয়োজন। উৎসবে প্রায় ১০ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন। পাশাপাশি মূল মঞ্চের পাশেই শিশু শিল্পী মঞ্চে প্রায় ৬ হাজার শিশু শিল্পীর অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও উৎসব প্রাঙ্গণের পাশে আয়োজন করা হয়েছে এক্সপো মেলার।

উৎসবকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ২ হাজার পুলিশ মোতায়েন থাকবে বলে জানা গেছে। সব মিলিয়ে বিশ্ব ডুয়ার্স উৎসবকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জুড়ে এখন উৎসবের আমেজ ও বাসিন্দাদের উন্মাদনা তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here