নকশালবাড়ি, শিলিগুড়ি: দীর্ঘদিনের দাবির পর অবশেষে নকশালবাড়ি রেল স্টেশনে চালু হল সিকিম মহানন্দা এক্সপ্রেস -এর নতুন স্টপেজ। মঙ্গলবার থেকে আলিপুরদুয়ার- দিল্লিগামী এই ট্রেনটি নকশালবাড়ি স্টেশনে দু’মিনিটের জন্য দাঁড়াবে।
এদিন গ্রিন ফ্ল্যাগ দেখিয়ে নতুন স্টপেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আনন্দময় বর্মন-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
বাগডোগরা হয়ে ট্রেনটি নকশালবাড়ি স্টেশনে পৌঁছাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ প্ল্যাটফর্মে উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন।
সাংসদ রাজু বিস্তা জানান, এই নতুন স্টপেজ চালু হওয়ার ফলে নকশালবাড়ি ও সংলগ্ন এলাকার সামগ্রিক উন্নয়নে গতি আসবে।
বিশেষ করে ছাত্র ছাত্রী, পর্যটক ও চিকিৎসার জন্য বাইরে যাওয়া সাধারণ মানুষের ব্যাপক সুবিধা হবে।
রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন সংযোজনের ফলে নকশালবাড়ি স্টেশনে মোট ৯টি ট্রেন দাঁড়াবে। পাশাপাশি ভবিষ্যতে ক্যাপিটাল এক্সপ্রেস- এরও স্টপেজ নকশালবাড়িতে দেওয়ার আশ্বাস দিয়েছেন সাংসদ।









































