শিলিগুড়ি: আজ থেকে শুরু হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষা অন্যান্য বছরের তুলনায় কিছুটা আলাদা, কারণ প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ের অনেক আগেই বহু পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছে যায়। নতুন পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে যেমন কৌতূহল ছিল, তেমনই ছিল বাড়তি প্রস্তুতির ছাপ।
পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ও নজরদারি।
পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মোড় ও স্কুল সংলগ্ন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা করা হয়, যাতে যানজটের কারণে কোনও পরীক্ষার্থীর অসুবিধা না হয়।
পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও কেন্দ্রে উপস্থিত ছিলেন। অনেক অভিভাবক জানান, সেমিস্টার পদ্ধতি নতুন হলেও এতে পড়াশোনার চাপ ভাগ হয়ে যাবে বলে তাঁদের বিশ্বাস। তাঁদের মতে, এই পদ্ধতি ভবিষ্যতে পরীক্ষার মানোন্নয়নে সহায়ক হতে পারে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।











































