শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে দাঁড়ানো সমাজসেবার কাজেরই স্বীকৃতি মিলল এবার সংগঠনের পক্ষ থেকে। শিলিগুড়ির আশ্রাফনগর এলাকার বাসিন্দা ও ওয়ার্ড নম্বর ৪০-এর শুভ্রা সাহা বেগমকে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির জেলা সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটির তরফে তাঁকে আনুষ্ঠানিক নিয়োগপত্র প্রদান করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, একাধিক সমাজকর্মী থাকা সত্ত্বেও মানুষের পাশে থাকার ধারাবাহিক উদ্যোগ, মানবিক মনোভাব এবং সক্রিয় সামাজিক কাজের জন্যই শুভ্রা সাহা বেগমের ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
সংগঠন কর্তৃপক্ষের আশা, তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের কাছে সংগঠনের কাজ আরও বিস্তৃত আকারে পৌঁছাবে। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে তাঁর সক্রিয় সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের প্রত্যাশাও জানানো হয়েছে।
এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত শুভ্রা সাহা বেগম জানান, “ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে সমাজসেবার কাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।”











































