নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব শুরু হতেই সংগঠনকে আরও চাঙ্গা করতে ভার্চুয়াল ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর রাজ্যজুড়ে পাঁচ হাজারেরও বেশি জনপ্রতিনিধি, পদাধিকারী ও ভোট ম্যানেজারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।
নির্বাচনের প্রস্তুতিতে বুথস্তর থেকে শীর্ষ নেতৃত্ব- সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার যে বার্তা ইতিমধ্যেই দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বার্তাকেই আরও ধারালো করতে এই বৈঠক বলে মনে করা হচ্ছে। এসআইআর পর্বে বুথ লেভেল অ্যাপয়েন্টমেন্ট, বাড়ি বাড়ি জনসংযোগ ও ভোটার তালিকা সংক্রান্ত নজরদারির কাজ চললেও, শুনানি পর্বে দলীয় কর্মীদের ভূমিকা কী হবে- তারই স্পষ্ট রূপরেখা তুলে ধরবেন অভিষেক।
গত সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএ-দের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, খুব শিগগিরই কর্মীদের নিয়ে মেগা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণারই বাস্তব রূপ নিতে চলেছে এই ভার্চুয়াল সভা।
সূত্রের খবর, বৈঠকে শুধু এসআইআর সংক্রান্ত দিকনির্দেশই নয়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের প্রচারের অভিমুখ ও সংগঠনিক কর্মসূচির রূপরেখাও তুলে ধরতে পারেন তিনি।
অর্থাৎ এসআইআর শুনানির মাঝেই তৃণমূলের সংগঠনকে নির্বাচনী মোডে পুরোপুরি নামিয়ে আনতে চাইছে নেতৃত্ব- সেই বার্তাই আরও একবার স্পষ্ট হতে চলেছে ২৬ ডিসেম্বরের বৈঠক থেকে।











































