শিলিগুড়ি: শহর জুড়ে ক্রমেই বাড়ছে শীতের আমেজ। সপ্তাহের শেষ দিনে শিলিগুড়িতে ভোরের দিকে কনকনে শীতের অনুভূতি বেড়েছে। তার সঙ্গে ঘন কুয়াশা মিলিয়ে শহরের আবহাওয়ায় স্পষ্ট শীতের ছোঁয়া অনুভব করছেন সাধারণ মানুষ।
শনিবার শিলিগুড়িতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে প্রায় ১২ ডিগ্রিতে। দিনের বেলায় রোদের তেজ থাকলেও সকাল ও রাতের দিকে শীতের কামড়ে কাঁপছেন শহরবাসী।
রবিবার ভোর থেকেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা যায়। বিশেষ করে শিলিগুড়ি – জলপাইগুড়ি রাস্তায় কুয়াশার কারণে যান চলাচল কিছুটা ধীরগতির হয়ে পড়ে। দৃশ্যমানতা কম থাকায় চালকদের সতর্ক হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
শীতের এই আবহাওয়ায় সপ্তাহের শেষ দিনে শিলিগুড়ির হিলকার্ট রোডে দেখা যায় চেনা ছবি। সকাল সকাল চায়ের দোকানগুলিতে জমে ওঠে আড্ডা। কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন, আবার কেউ কনকনে শীতে গরম চায়ের কাপে চুমুক দিয়ে শীত উপভোগ করছেন। শীতের ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই পরিবার ও বন্ধুদের সঙ্গে চড়ুইভাতিতেও মেতে উঠেছেন।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী কয়েক দিনে শিলিগুড়িতে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।











































