শিলিগুড়ি: এসআইআর আবহের মধ্যেই বুধবার গভীর রাতে মহকুমা শাসকের দফতরে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, রাত প্রায় এগারোটা নাগাদ মহকুমা শাসকের অফিসের ম্যাজিস্ট্রেট রুমে আচমকাই আগুন লাগে।
আগুনে রুমের ভেতরে থাকা একাধিক কম্পিউটার ও প্রিন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
ঘটনার সময় মহকুমা শাসকের অফিস সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, অফিসের উল্টো দিকে থাকা একটি হোটেলের কর্মী মহম্মদ আক্রম কাজের ফাঁকে জানলার ভেতরে আগুন জ্বলতে দেখে প্রথমে বিষয়টি নজরে আনেন।
তিনি বলেন, “হঠাৎই দেখতে পাই অফিসের উপরের তলার জানলার ভেতরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দিই।”
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন ও প্রধান নগর থানার পুলিশ। মূল গেট তালাবন্ধ থাকায় প্রথমে অফিসের ভেতরে কেউ রয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হয়। পরে তালা ভেঙে দমকল ও পুলিশ কর্মীরা অফিসে প্রবেশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক বিকাশ রুহেলাও।
প্রায় কুড়ি মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও দমকল কর্তারা জানিয়েছেন, এই ঘটনায় কোনও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়নি।
এদিকে, এসআইআর আবহের মধ্যে প্রশাসনিক দফতরে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে শহরজুড়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।











































