শিলিগুড়ি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দুই দিনের পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।
শুক্রবার রাতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মন্ত্রী শঙ্কর ঘোষ, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল-সহ প্রশাসন ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা।
বাগডোগরা থেকে সরাসরি বিএসএফের কদমতলা ক্যাম্পে যান অমিত শাহ।
শনিবার তাঁর সফরের সূচনা হবে শিলিগুড়ির জুমাগাছে বিএসএফের ১৮তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে।
সেখানে প্রহরী সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন সহ সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এরপর দুপুরে উত্তরকন্যায় একাধিক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সীমান্ত নিরাপত্তা, উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অগ্রগতি নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
শনিবার রাতে কলকাতায় পৌঁছে রবিবার আলিপুরে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন অমিত শাহ।
পাশাপাশি ন্যাশনাল লাইব্রেরিতে ‘ওয়ার মিউজিয়াম’-এর উদ্বোধন ও বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তরবঙ্গ ও কলকাতা উভয় জায়গাতেই প্রশাসনের নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করা হয়েছে।















































