ময়নাগুড়ির উল্লাডাবারিতে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ গেল ৬ জনের; গ্রেপ্তার বাসচালক!

জলপাইগুড়ি: ময়নাগুড়ির উল্লাডাবারি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বহু যাত্রী আহত হন।

মৃতদের মধ্যে রয়েছে বিবেক সাহা নামে এক শিশু। জানা গিয়েছে, একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার মা পম্পা সাহাও।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে।

বর্তমানে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৭ জন আহতের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

এছাড়াও কয়েকজন গুরুতর আহতকে শিলিগুড়ির বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়িতে পৌঁছান রাজ্যের পরিবহণ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

তাঁরা হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন জানান, আহতদের চিকিৎসার জন্য সরকারি স্তরে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থাও করা হবে।

পাশাপাশি এনবিএসটিসি-র বাসের ফিটনেস, চালকের দায়িত্ব পালনের বিষয় ও দুর্ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে, দুর্ঘটনার পর সরকারি বাসটির চালককে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ও আহতদের দ্রুত সুস্থতার কামনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here