গোর্খা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ, মিলন মোড়ে প্রথমবার ‘MP Deusi Bhailo Mahotsav 2026’, একই মঞ্চে রাজু লামা, পূর্ণ রাই ও তৃষ্ণা গুরুং

শিলিগুড়ি: গোর্খা সমাজের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস ও লোকাচারকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেই উদ্যোগেই আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবারের জন্য আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026’।

তিন দিনব্যাপী এই মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।

বৃহস্পতিবার মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে সাংবাদিক বৈঠক করে অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন সাংসদ রাজু বিস্তা।


তিনি জানান, গোর্খা সমাজের গৌরবময় ইতিহাস ও নিজস্ব সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোই এই আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। পাশাপাশি পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষকে একই মঞ্চে একত্রিত করে সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ নভেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে মহোৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সিকিমের মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি পাহাড়ের একাধিক নেতা ও মন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। ১৪ নভেম্বর উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

১৫ নভেম্বর সমাপনী দিনে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আয়োজন।

তিন দিনের এই উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে বর্ণাঢ্য সংগীতানুষ্ঠান। একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন রাজু লামা অ্যান্ড ব্যান্ড, পূর্ণ রাই অ্যান্ড দাজু-ভাই হারু, দ্য এলিমেন্টস, তৃষ্ণা গুরুং ও দ্য কল্যাব। পাহাড়ি সংগীতের জনপ্রিয় শিল্পীদের উপস্থিতি এই উৎসবকে বিশেষ মাত্রা দেবে বলে মনে করছেন আয়োজকরা।

তবে শুধু সংগীতানুষ্ঠান নয়, মহোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ থাকছে ঐতিহ্যবাহী ‘দেউসি-ভাইলো’ প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় মোট ২০টি দল অংশগ্রহণ করবে। বিজয়ী দলগুলির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রথম স্থানাধিকারী দল পাবে ৫ লক্ষ টাকা, দ্বিতীয় দল পাবে ৩ লক্ষ টাকা এবং তৃতীয় স্থানাধিকারী দলকে দেওয়া হবে ২ লক্ষ টাকা। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকেই আর্থিক সহযোগিতা ও সম্মান জানানো হবে বলে জানিয়েছেন সাংসদ।

সাংসদ রাজু বিস্তার বক্তব্য, গোর্খা সমাজের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, খাদ্যাভ্যাস ও ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত করানোই এই মহোৎসবের মূল লক্ষ্য।

এই উৎসবে পাহাড়, তরাই ও ডুয়ার্সের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পরিকল্পনা, শুধু এবছরই নয়, আগামী বছরগুলিতেও ধারাবাহিকভাবে এই মহোৎসবের আয়োজন করা হবে। সব মিলিয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে গোর্খা সংস্কৃতি, ঐতিহ্য, লোকসংগীত ও খাবার-দাবারের এক বর্ণময় মিলনমেলা দেখতে চলেছে শিলিগুড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here