শিলিগুড়ি: উত্তর সিকিমে টানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে।
তিস্তার জল বেড়ে কালিম্পংয়ের তিস্তা বাজার ও টোটগাঁও এলাকায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
নিরাপত্তার স্বার্থে তিস্তা রোডে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ডুয়ার্সের নাগরাকাটা এলাকায় সুখানী নদীর জল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
একইসঙ্গে নেওরা, চেল, ঘিস, তোর্সা, কালজানি, ডিমা ও বসরা নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে।
লুকসানের কালীখোলা নদীর জল সেতুর উপর দিয়ে বইতে শুরু করায় আতঙ্ক ছড়িয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার ও প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।












































