বিশ্ব গণ্ডার দিবসে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী, মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে উদ্ধার বন্যপ্রাণীর দেহাংশ ধ্বংস!

আলিপুরদুয়ার: কোচবিহার ও নাগরাকাটার কর্মসূচি শেষ করে মঙ্গলবার আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম আলিপুরদুয়ার সফর।

বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে বন দফতরের উদ্যোগে কালচিনি ব্লকের নীলপাড়া এলাকার সুভাষিণী ফুটবল মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।

পাশাপাশি পাচারকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া বিভিন্ন বন্যপ্রাণীর দেহাংশ ও সামগ্রী ধ্বংস করার কর্মসূচিতেও অংশ নেন মুখ্যমন্ত্রী।

জানা যায়, উদ্ধার হওয়া হাতির দাঁতের টুকরো, চিতাবাঘ, হরিণ, সম্বর-সহ বিভিন্ন বন্যপ্রাণীর চামড়া ও দেহাংশ এই কর্মসূচির মাধ্যমে ধ্বংস করা হয়।

মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশ আগুনে ধ্বংস করেন।

সর্বসমক্ষে এই সামগ্রী ধ্বংসের মাধ্যমে বন্যপ্রাণী পাচার ও দেহাংশের বেআইনি কেনাবেচার বিরুদ্ধে সচেতনতার বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রচুর সংখ্যক স্কুলপড়ুয়া উপস্থিত ছিল।

সকলের সামনে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশের কোনও বৈধ মূল্য বা ব্যবহার নেই এই বার্তাও তুলে ধরা হয়।

কুসংস্কার ও অবৈধ বাণিজ্যের কারণে পাচারচক্রে এই ধরনের সামগ্রীর চাহিদা তৈরি হলেও আইনসঙ্গতভাবে এগুলির কোনও ব্যবহার নেই।

তাই নতুন প্রজন্মের মধ্যে বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

আলিপুরদুয়ারে পৌঁছনোর আগে জলপাইগুড়ির মেটেলি ব্লকে মূর্তি নদীর উপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে তিনি আলিপুরদুয়ারের কর্মসূচিতে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here