কলকাতা: ভবানীপুরে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে শুধুমাত্র নির্বাচনী আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকেননি তিনি – বেরিয়েই ফের ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে কড়া সুর চড়ালেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা স্পষ্ট জানান, বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি তিনি সহজভাবে নিচ্ছেন না।
তাঁর দাবি, প্রায় ১ কোটি ২০ লক্ষের মধ্যে মাত্র ৩২ লক্ষ নাম উঠেছে, বিপুল সংখ্যক আবেদন এখনো খোলা হয়নি।
এতে সাধারণ ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেই অভিযোগ তাঁর।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে তিনি ফের Supreme Court of India-এর দ্বারস্থ হবেন।
তাঁর কথায়, যাঁরা বিবেচনাধীন রয়েছেন, তাঁদের “জেনুইন ভোটার” হিসেবে গণ্য করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল।
তা সত্ত্বেও ভোটার তালিকা ‘ফ্রোজেন’ করে দেওয়ার যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটার তালিকা নিয়ে এই সরব অবস্থান ভবানীপুর কেন্দ্রের বাইরে বৃহত্তর রাজনৈতিক বার্তা দেওয়ারই ইঙ্গিত।
বিশেষত, বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগকে সামনে রেখে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুলতে চাইছে তৃণমূল শিবির।
অন্যদিকে, মনোনয়ন জমা দেওয়ার পর ভবানীপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতা।
তিনি জানান, এই কেন্দ্রের সঙ্গেই তাঁর নিবিড় সম্পর্ক “৩৬৫ দিনই এখানে থাকি, এখানেই আমার ধর্ম-কর্ম।” পাশাপাশি বাংলা ছাড়াও গুজরাটি ভাষায় শুভেচ্ছা জানানো নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতে এই ভাষা ব্যবহারের মধ্যেও কৌশলগত বার্তা রয়েছে।
একইসঙ্গে, ভবানীপুরেই স্থায়ীভাবে থাকার মন্তব্যের মাধ্যমে বিরোধী শিবিরের ‘বহিরাগত’ তত্ত্বকেও পরোক্ষে খণ্ডন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












































