ময়না কাঠে পুজো দিয়ে শুরু বড়দেবীর প্রতিমা নির্মাণ, আজও অটুট ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্য!

কোচবিহার: রাধাষ্টমীর পবিত্র তিথিতে প্রাচীন রীতি মেনে কোচবিহারের ঐতিহ্যবাহী বড়দেবীর মন্দিরে সম্পন্ন হল ময়না কাঠের পুজো।

রাজ আমল থেকে চলে আসা নিয়ম-নিষ্ঠা ও প্রাচীন পুঁথির বিধান মেনেই সম্পন্ন হয় এই বিশেষ আচার। পুজো শেষে ময়না কাঠটিকে ট্রলিতে স্থাপন করা হয়।

বড়দেবীর পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এই ময়না কাঠ। মন্দিরের ঐতিহ্য অনুযায়ী, এই কাঠই বড়দেবীর প্রতিমার মূলদণ্ড।

ময়না কাঠকে কেন্দ্র করেই পরবর্তী ধাপে শুরু হবে প্রতিমা নির্মাণের কাজ। ধীরে ধীরে এই কাঠের উপরেই রূপ পাবে কোচবিহারের আরাধ্য বড়দেবীর প্রতিমা।

রাজপুরোহিতের বক্তব্য, রাজ আমল থেকে চলে আসা প্রথা মেনেই প্রতিবছর রাধাষ্টমীর তিথিতে ময়না কাঠের পুজো করা হয়। নির্দিষ্ট নিয়ম ও আচার মেনেই সম্পন্ন হয় গোটা প্রক্রিয়া। প্রাচীন এই রীতি আজও একইভাবে ধরে রাখা হয়েছে।

কোচবিহারের বড়দেবীর পুজোর ইতিহাস ৫০০ বছরেরও বেশি পুরনো।

পুজোকে ঘিরে রয়েছে একাধিক প্রাচীন আচার, রীতি ও ঐতিহ্য।

দীর্ঘদিনের বলি প্রথার সঙ্গেও জড়িয়ে রয়েছে এই পুজোর ইতিহাস। তাই বড়দেবীর আরাধনা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, কোচবিহারের রাজপরম্পরা ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।

ময়না কাঠের পুজোর মধ্য দিয়ে কার্যত শুরু হল এবারের বড়দেবীর প্রতিমা নির্মাণের পর্ব।

প্রাচীন ঐতিহ্যকে সামনে রেখে আগামী দিনে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মূল পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান ঘিরে কোচবিহারে বাড়বে উৎসাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here