মালদা: মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত কেশরপুর কালোটোন টোলায় গঙ্গা নদীর জলোচ্ছ্বাসে ভেঙে গেল বাঁধ। প্রায় ২০ মিটার অংশ একেবারে ভেঙে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় হু হু করে জল ঢুকছে ভূতনির বিস্তীর্ণ এলাকায়।
পরিস্থিতি মোকাবিলায় সেচ দপ্তরের পক্ষ থেকে বিধায়কের নির্দেশে ইতিমধ্যেই একটি অস্থায়ী বাঁধ তৈরি করা হয়েছে।
তবে সেই অস্থায়ী বাঁধও গঙ্গার জল বেশিক্ষণ আটকে রাখতে পারবে না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও বাম নেতৃত্বের।
তাঁদের আশঙ্কা, যেকোনও মুহূর্তে অস্থায়ী বাঁধটিও ভেঙে গেলে গঙ্গার জল সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে পারে। এর ফলে ভূতনিতে তৈরি হতে পারে বড় ধরনের বন্যা পরিস্থিতি।
বাঁধ ভেঙে জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও সেচ দপ্তর।















































