গোরা মোড়ে নতুন ট্রাফিক বুথ, উদ্বোধনে ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ!

যান চলাচল নিয়ন্ত্রণে আরও গতি, চালকদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা

শিলিগুড়ি: যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে রাজগঞ্জ ব্লকের গোরা মোড়ে নতুন ট্রাফিক বুথ অফিস চালু করা হল। এনজেপি ট্রাফিক গার্ডের অধীনে এই নতুন ট্রাফিক বুথের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার।

এদিন ফিতা কেটে নতুন ট্রাফিক বুথের উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসিপি ট্রাফিক চন্দন দাস, এনজেপি থানার আইসি রঞ্জন দাস, এনজেপি ট্রাফিক গার্ডের ওসি সুরান্দার সিং নেগী-সহ ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের ফুলের তোড়া দিয়ে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়।

এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন ট্রাফিক বুথ অফিসের উদ্বোধন করা হয়।

শুধু উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেনি এদিনের কর্মসূচি। এলাকার যান চলাচল ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ টোটো চালকদের ট্রাফিক আইন ও নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন ও উৎসাহিত করা হয়।

তাঁদের হাতে তুলে দেওয়া হয় চকলেটের ব্যাগ। পুলিশের এই উদ্যোগকে ঘিরে টোটো চালকদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের স্থানীয়দের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয়। এনজেপি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে তাঁদের হাতে চকলেটের প্যাকেট তুলে দেওয়া হয়।

গোরা মোড় এলাকায় প্রতিদিনই উল্লেখযোগ্য পরিমাণ যানবাহন চলাচল করে। ফলে নতুন ট্রাফিক বুথ চালু হওয়ায় ওই মোড় ও সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কার্যকর করা সহ সাধারণ মানুষের যাতায়াত আরও সুশৃঙ্খল করার ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন এই ট্রাফিক বুথের মাধ্যমে এলাকায় ট্রাফিক নজরদারি আরও জোরদার হবে সহ যানজট ও পথ নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here