জলপাইগুড়ি: বুধবার সকালেই ধূপগুড়ি ব্লকের কালিস্থান এলাকায় এশিয়ান হাইওয়েতে উল্টে গেল একটি আম বোঝাই লরি।
দুর্ঘটনার জেরে লরিভর্তি আম রাস্তায় ছড়িয়ে পড়তেই তা কুড়োতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির দিক থেকে জয়গাঁর উদ্দেশ্যে যাচ্ছিল আম বোঝাই ট্রাক।
সকাল প্রায় আটটা নাগাদ সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিস্থান এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। ফলে বিপুল পরিমাণ আম রাস্তায় ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
কেউ ব্যাগ, কেউ বা ঝুড়ি নিয়ে ছুটে এসে আম সংগ্রহ করতে থাকে।
অনেককে ঝুড়ি ও ব্যাগ ভর্তি করে আম বাড়ি নিয়ে যেতে দেখা যায়।
স্থানীয়দের বক্তব্য, রাস্তায় পড়ে থাকলে আমগুলো নষ্ট হয়ে যেত, তাই সেগুলো সংগ্রহ করা হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক গার্ড ও পুলিশ।
পুলিশ এশিয়ান হাইওয়ের যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকাজ শুরু করে।
দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ধূপগুড়ি থানার পুলিশ।










































