পূর্ব মেদিনীপুর: রথযাত্রার দিন ভোরে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন।
দুর্ঘটনাটি ঘটে দীঘা – নন্দকুমার জাতীয় সড়কের হেঁড়িয়া হাসপাতালের কাছে।
জানা গিয়েছে, একটি খালি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল।
সেই বাসটি সারানোর কাজ করছিলেন মিস্ত্রি, হেলপার ও চালকরা।
সেই সময় দীঘাগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পিছনে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার জেরে বাসটি সামনে থাকা কর্মীদের উপর উঠে যায়।
ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
আহত হন আরও তিনজন।
তাঁদের উদ্ধার করে হেঁড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের চিকিৎসা চলছে।
নিহতদের মধ্যে রয়েছেন বাসের মালিক তপন দাস (৪৪) বাড়ি বাজকুল, বাসচালক শিবব্রত পট্টনায়েক (৫৯) বাড়ি দীঘা, হেলপার অশোক মাইতি বাড়ি ভূপতিনগর ও হেলপার শুভদীপ মণ্ডল বাড়ি বাজকুল।
ঘটনার পর ঘাতক ট্রাকের আটক করেছে খেজুরি থানার পুলিশ।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রথযাত্রার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।















































