নদিয়া: রথযাত্রার পবিত্র সকালে মায়াপুরের ইসকন চন্দ্রোদয় মন্দিরে সস্ত্রীক উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা-ও।
সকালে মন্দিরে ভগবানের আরতিতে অংশ নেওয়ার পাশাপাশি গোমাতা পুজো ও যজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
গোমাতা পুজোর সময় নিজ হাতে গরুকে খাদ্য খাওয়ান, পা ধুয়ে প্রণাম করেন সহ বৈদিক রীতি মেনে যজ্ঞে আহুতি দেন।
রথযাত্রার মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে ইসকনের আমন্ত্রণে অংশ নিতে পেরে তিনি আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক প্রশ্নেরও জবাব দেন দিলীপ ঘোষ।
তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ হয়ে গেছে। মশা-মাছিও আর ঢুকতে পারবে না।”
অন্যদিকে, তৃণমূল নেতা মদন মিত্রকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য এড়িয়ে বলেন, “ওটা ওদের দলের বিষয়। এ নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”
রথযাত্রার দিনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দিলীপ ঘোষের রাজনৈতিক মন্তব্যও এদিন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।














































