উত্তরকন্যায় কেন্দ্র-রাজ্যের গুরুত্বপূর্ণ বৈঠক, সীমান্ত নিরাপত্তা ও উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলায় নজর অমিত শাহের!

শিলিগুড়ি: সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে উত্তরবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে রেখে শনিবার শিলিগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্র ও রাজ্যের উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক।

বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য পুলিশের ডিজি, মুখ্যসচিব, বিএসএফের শীর্ষ আধিকারিক সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্তারা।

বৈঠকের আগে সকালে শিলিগুড়ির জুমাগছ এলাকায় বিএসএফের ১৮ নম্বর ব্যাটালিয়নের বর্ডার আউট পোস্টে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

সেখানে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে মতবিনিময়, প্রহরী সম্মেলনে অংশগ্রহণ, বৃক্ষরোপণ ও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি পালন করবেন তিনি।

এর আগে শুক্রবার রাতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ।

তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিএসএফের কদমতলা ক্যাম্পে যান।

প্রশাসনিক সূত্রের খবর, উত্তরকন্যার বৈঠকে ভারত- বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃরাজ্য সমন্বয়, সীমান্তবর্তী জেলার পরিস্থিতি, আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তরবঙ্গজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রশাসনের শীর্ষ পর্যায়ের এই বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here