শ্রাবণের প্রথম সোমবারে বক্রেশ্বরে নতুন নিয়ম, গর্ভগৃহে প্রবেশ নয়— নির্দিষ্ট চোঙায় জল ঢেলেই হবে মহাদেবের জলাভিষেক!

বীরভূম: শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভিন্ন চিত্রের সাক্ষী থাকল বীরভূমের ঐতিহ্যবাহী বক্রেশ্বর শিব মন্দির।

ভক্তদের নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা সহ অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে এবার গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি বাবা বক্রনাথের মাথায় জল ঢালা ও পুজো করার উপর বিধি নিষেধ করেছে মন্দির কর্তৃপক্ষ।

পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাপহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শিব মন্দির সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র।

এটি ৫১টি সতীপীঠের একটি হিসেবেও পরিচিত।

এখানে প্রায় ১০ ফুট উচ্চতার শ্বেত প্রবালের শিবলিঙ্গ ‘বাবা বক্রনাথ’-এর পাশাপাশি রয়েছে ঔষধি গুণসম্পন্ন একাধিক প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। প্রতি বছর শ্রাবণ মাসে হাজার হাজার শিবভক্তের সমাগম হয় এই মন্দিরে।

মন্দিরের সেবায়েত ও মন্দির উন্নয়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ভক্তরা আর গর্ভগৃহে প্রবেশ করে সরাসরি শিবলিঙ্গে জল ঢালতে পারবেন না।

পরিবর্তে মন্দির প্রাঙ্গণে নির্দিষ্ট করে দেওয়া চোঙায় জল ঢাললেই সেই জল সরাসরি বাবা বক্রনাথের শিবলিঙ্গে পৌঁছে যাবে।

প্রশাসনের দাবি, বিপুল সংখ্যক ভক্তের সমাগমে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সকলেই নির্বিঘ্নে দর্শন সহ পুজোর সুযোগ পান, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেশের বিভিন্ন শিবক্ষেত্রে এই ধরনের ব্যবস্থা আগে থেকেই চালু থাকলেও, বক্রেশ্বরে এবারই প্রথম এই নিয়ম কার্যকর করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here