দীঘা: ভক্তি, আস্থা ও উৎসবের আবহে বৃহস্পতিবার দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হল পবিত্র রথযাত্রা উৎসব।
সকাল থেকেই মন্দির চত্বরে ভিড় জমান হাজার হাজার ভক্ত ও পর্যটক।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাপ্রভু শ্রীজগন্নাথ, বড়ভাই শ্রীবলরাম ও দেবী সুভদ্রার সুসজ্জিত তিনটি রথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে নিয়ে আসা হয়।
রঙিন সাজসজ্জা, ভক্তিমূলক সঙ্গীত ও “জয় জগন্নাথ” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
ভক্তদের বিশ্বাস, রথের দর্শন সাথে রথের দড়ি স্পর্শ করলে জীবনে শুভ ফল ও কল্যাণ লাভ হয়।
সেই বিশ্বাসে রথযাত্রায় অংশ নিতে সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করেন অসংখ্য পুণ্যার্থী।
রথযাত্রাকে কেন্দ্র করে দর্শনার্থীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা ও জরুরি পরিষেবাও মোতায়েন করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন।
দীঘার জগন্নাথ মন্দিরে এবারের রথযাত্রাকে ঘিরে উৎসবের আবহে মেতে উঠেছে সমুদ্র শহর।















































