প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইনের পথে কেন্দ্র, অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক!

দিল্লি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশজুড়ে বিতর্কের আবহে বড় বার্তা দিল কেন্দ্র।

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আনতে উদ্যোগী হওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই ২৬ দিনের অনশন প্রত্যাহার করলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক।

দীর্ঘ আলোচনার পর ও দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সামাজিক মাধ্যমে সোনম ওয়াংচুক লেখেন, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদ তাঁর সঙ্গে দেখা করেছেন অথবা অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন।

তিনি জানান, খুব শীঘ্রই একটি পৃথক ভিডিও বার্তায় নিজের দাবিদাওয়া ও সরকারের সঙ্গে হওয়া আলোচনার বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরবেন।

একই সঙ্গে তিনি সকলকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২৮ জুন দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র চলমান আন্দোলনের সমর্থনে অনশন শুরু করেছিল সোনম ওয়াংচুক।

শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সফদরজং হাসপাতালে ও পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ রুখতে ফাস্ট-ট্র্যাক আদালত, কঠোর শাস্তি ও পরীক্ষা ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে একটি নতুন আইনি কাঠামোর খসড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।

দ্রুত সংসদে বিলটি পাশ করানোরও আশ্বাস দেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, সরকারের এই পদক্ষেপ ও সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহার – দুই ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্র দ্রুত কঠোর আইন প্রণয়নের পথে এগোতে চাইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here