শিলিগুড়ি: উল্টোরথের শুভ তিথিকে সামনে রেখে দুর্গাপুজোর প্রস্তুতিতে আনুষ্ঠানিকভাবে শামিল হল শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি উজ্জ্বল সংঘ।
শুক্রবার সকালে ধর্মীয় আচার- অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন করে ৭৩তম বর্ষের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু করল ক্লাব।
এবারের পুজোকে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নিয়েছে উদ্যোক্তারা।
মূল আকর্ষণ হিসেবে তৈরি করা হবে অযোধ্যার রামমন্দিরের আদলে একটি বিশাল মণ্ডপ।
সেই মণ্ডপ নির্মাণের দায়িত্বে থাকবেন ঝাড়খণ্ড থেকে আসা অভিজ্ঞ শিল্পীরা।
সূক্ষ্ম কারুকাজ, নান্দনিক স্থাপত্য সহ আলোকসজ্জার সমন্বয়ে দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্য নিয়েছে ক্লাব।
এবারের দুর্গোৎসবের জন্য প্রায় ৩৮ লক্ষ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।
মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি সামাজিক উদ্যোগও থাকবে পুজোর অন্যতম অংশ।
স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান, সমাজসেবামূলক কর্মসূচি সঙ্গে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে উৎসবকে আরও অর্থবহ করে তোলার পরিকল্পনা রয়েছে।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, ঐতিহ্য, শিল্পভাবনা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে এবারের ৭৩তম বর্ষের দুর্গাপুজো শিলিগুড়ির অন্যতম দর্শনীয় পুজো হয়ে উঠবে।
খুঁটি পুজোর মধ্য দিয়েই এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে, আর এখন থেকেই শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের প্রস্তুতি।















































