শিলিগুড়ি: শিলিগুড়ির ইসকনের উদ্যোগে আয়োজিত উল্টো রথযাত্রায় যোগ দিয়ে ভক্তদের সঙ্গে উৎসবে সামিল হলেন উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন।
শুক্রবার ইসকন শিলিগুড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে ইসকন কর্তৃপক্ষের পক্ষ থেকে আইজি সুকেশ জৈনকে ‘রাম’ লেখা গামছা পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে তিনি রথযাত্রার বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন ও ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
বিশেষ আকর্ষণ ছিল আইজির সেবামূলক অংশগ্রহণ। ঝাড়ু হাতে রথের পথ পরিষ্কার করে তিনি সেবার মাধ্যমে বিনম্রতার বার্তা তুলে ধরেন।
তাঁর এই উদ্যোগ উপস্থিত ভক্তদের প্রশংসা কুড়ায়।
এদিন আইজি সুকেশ জৈন বলেন, উল্টো রথযাত্রার মতো পবিত্র অনুষ্ঠানে সেবার সুযোগ করে দেওয়ার জন্য তিনি ইসকন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
পাশাপাশি তিনি সকলকে উল্টো রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।















































