মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে তাণ্ডব, ভাঙচুর-চিকিৎসক ও নার্সকে মারধরের অভিযোগ!

ইসলামপুর: রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, ক্ষুব্ধ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের বিভিন্ন বিভাগে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া সংলগ্ন বিহার এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন নামে এক বৃদ্ধাকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়।

অভিযোগ, মৃত্যুর খবর পাওয়ার পরই রোগীর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগে ভাঙচুর চালায়।

পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক ডা. মৃগাঙ্ক শেখর বোস, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে।

ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় ও পরিষেবা কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

খবর পেয়ে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সময় পুলিশ ও মৃতার পরিবারের সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোগীর মৃত্যুর কারণ ও পরবর্তী অশান্তির ঘটনায় পৃথকভাবে তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here