কলকাতা: শহর ও পুর এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে এবার আরও কড়া পদক্ষেপ রাজ্য সরকারের।
১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত পুরনিগম, পুরসভা সহ নোটিফায়েড এরিয়ায় কার্যকর হল নতুন বিধিনিষেধ।
প্রকাশ্যে থুতু ফেলা, মল-মূত্র ত্যাগ করা, যত্রতত্র আবর্জনা ফেলা কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারের ক্ষেত্রে এবার থেকে জরিমানা দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেললে প্রতিবার ১০০ টাকা, প্রকাশ্যে মলত্যাগ বা প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা করা হবে।
পাশাপাশি যত্রতত্র আবর্জনা ফেলা ও নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলেও ২০০ টাকা করে জরিমানা গুনতে হবে।
রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, রাস্তাঘাটে যেখানে-সেখানে মল-মূত্র বা থুতু ফেলার মতো অভ্যাস বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ করা হবে।
সেই ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
সরকারের দাবি, এই উদ্যোগের মূল উদ্দেশ্য রাজস্ব সংগ্রহ নয়, বরং নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণ সম্পর্কে সচেতনতা তৈরি করা।
প্রথম পর্যায়ে নাগরিকদের নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানাও করা হবে।
নতুন নিয়ম কার্যকর হওয়ায় এবার থেকে রাস্তা, বাজার কিংবা পুর এলাকার বিভিন্ন জায়গায় যত্রতত্র থুতু, মল-মূত্র বা আবর্জনা ফেলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নাগরিকদের।















































