অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও অধরা, বিধায়ক সেবা কেন্দ্রে মহিলাদের দীর্ঘ ভিড়!

শিলিগুড়ি: সরকার পরিবর্তনের প্রায় চার মাস পেরিয়ে গেলেও এখনও বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুত ৩ হাজার টাকা। টাকা না পাওয়াকে কেন্দ্র করে বাড়ছে ক্ষোভ। সমস্যা জানাতে মঙ্গলবার সকাল থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্রে ভিড় করেন বহু মহিলা।

সরকার পরিবর্তনের আগে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ১,৫০০ টাকা বাড়িয়ে ৩ হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই ঘোষণায় আশায় ছিলেন বহু উপভোক্তা। কিন্তু নতুন সরকার গঠনের পর কয়েক মাস কেটে গেলেও তাঁদের একাংশের অ্যাকাউন্টে বর্ধিত অর্থ জমা পড়েনি বলে অভিযোগ।

এর মধ্যেই রবিবার কলকাতার উদ্দেশে রওনা হওয়ার সময় বিধায়ক তথা পর্যটনমন্ত্রী শংকর ঘোষ ফেসবুক লাইভে জানান, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও যাঁদের অ্যাকাউন্টে ঢোকেনি, তাঁরা নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক সেবা কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন। সেই নথি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

জানা গিয়েছিল, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট। তবে ১ সেপ্টেম্বর সকালেও সেবা কেন্দ্রে দেখা যায় মহিলাদের দীর্ঘ লাইন। তাঁদের দাবি, বিধায়কের ফেসবুক লাইভের কথা জানতে পেরেই তাঁরা নথিপত্র নিয়ে সেখানে হাজির হয়েছেন। তবে নথি জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা নিয়ে লাইভে স্পষ্টভাবে জানানো হয়নি বলে অভিযোগ করেন অনেকে।

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মহিলারা। তাঁদের বক্তব্য, প্রতিশ্রুত বর্ধিত অর্থের আশায় তাঁরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। কিন্তু মাসের পর মাস কেটে গেলেও টাকা না মেলায় সংসার চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

এখন মূল প্রশ্ন, কবে থেকে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে নিয়মিতভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পৌঁছবে? সেই অপেক্ষাতেই রয়েছেন বহু মহিলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here