বালুরঘাট: রাজ্যে প্রথম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংস করে ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বুধবার বালুরঘাটে পৌঁছন মুখ্যমন্ত্রী। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ কার্যালয়ে তাঁকে পুলিশের তরফে গার্ড অব অনার দেওয়া হয়।
এরপর জেলা পুলিশ কার্যালয়ের সামনে গত তিন মাসে বাজেয়াপ্ত করা প্রায় ২ লক্ষ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংসের কর্মসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী নিজে রোলার চালিয়ে বাজেয়াপ্ত কফ সিরাপগুলি নষ্ট করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শরৎচন্দ্র মুখোপাধ্যায়-সহ প্রশাসন ও পুলিশ আধিকারিকরা।
কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বলেন, যুবসমাজকে নেশামুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির রাজ্যে প্রথম সূচনা বালুরঘাট থেকেই করা হল। পাশাপাশি বালুরঘাটবাসীর জন্য বিমানবন্দর ও মেডিকেল কলেজের উপহারের কথাও জানান তিনি। খুব শীঘ্রই এই প্রকল্পগুলির কাজ শুরু হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
ভবিষ্যতে বাগডোগরা বা পূর্ণিয়ার পরিবর্তে সরাসরি বালুরঘাট বিমানবন্দরেই নামার ইচ্ছার কথাও জানান তিনি।
জেলা পুলিশ কার্যালয়ের কর্মসূচি শেষ করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।
সেখানে মধ্যাহ্নভোজনের পর বালুছায়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। বৈঠক শেষে বালুরঘাট জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের প্রস্তাবিত জমিও পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী।















































