কলকাতা: নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে সরে গেলেও তার প্রভাব এখনও কাটেনি। উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
পাশাপাশি এক-দু’টি জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
তবে বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা কম।
এদিকে নিম্নচাপ বর্তমানে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের অক্ষরেখা ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গেও আজ বৃষ্টির দাপট বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আগামী ২৪ ঘণ্টার পর দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমবে। ৪ সেপ্টেম্বরের পর বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে।
সমুদ্র পরিস্থিতিও আপাতত স্বাভাবিক থাকায় মৎস্য জীবীদের জন্য নতুন করে কোনও সতর্কবার্তা জারি করা হয়নি।















































