শিলিগুড়ি: ময়নাতদন্তের রিপোর্ট দেওয়ার জন্য ঘুষ চাওয়ার অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালাল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ)।
অভিযোগের ভিত্তিতে পরিকল্পিতভাবে ফাঁদ পেতে হাসপাতাল চত্বরে ট্র্যাপ অপারেশন চালানো হয়।
অভিযোগ, পোস্ট-মর্টেম রিপোর্ট দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে ৩ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল।
বিষয়টি অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের কাছে পৌঁছনোর পর অভিযোগের সত্যতা যাচাই করে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়।
এরপর নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্টকে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ লেনদেনের সঙ্গে আর কেউ যুক্ত ছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা।














































