মালদা: মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে একের পর এক নবজাতকের মৃত্যুর ঘটনার পর বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিল স্বাস্থ্য দপ্তর। সরিয়ে দেওয়া হল মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ কুমার বর ও শিশু বিভাগের এইচওডি সুষমা সাওকে।
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ইএনটি বিভাগের এইচওডি গণেশ চন্দ্র গাইন। পাশাপাশি শিশু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বনাথ বসুকে।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৮৯ জন নবজাতকের মৃত্যুর ঘটনা সামনে আসে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
সম্প্রতি তদন্ত কমিটির সদস্যরা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তাঁরা। পরবর্তীতে তদন্তের রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়।
রিপোর্ট জমা পড়ার মাত্র সাত দিনের মধ্যেই স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনা ও চিকিৎসা পরিষেবা নিয়ে ওঠা প্রশ্নের পরই এমএসভিপি ও শিশু বিভাগের এইচওডিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মাধ্যমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ও নবজাতক চিকিৎসা পরিষেবায় আরও নজরদারি ও প্রশাসনিক গতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।















































