পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, বীরভূমে পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু মূল অভিযুক্ত রতন শেখের!

বোলপুর: পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত বীরভূম।

পুলিশ কনস্টেবলকে গুলি করে আহত করার অভিযোগে অভিযুক্ত রতন শেখের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

রবিবার নানুর এলাকায় পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে সূত্রের দাবি।

পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় বোলপুরের নায়েকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

অভিযোগ, আগ্নেয়াস্ত্র মজুত ও মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রতন শেখ ও তার এক সহযোগীকে ধরতে অভিযানে যান শাস্তিনিকেতন থানার দুই পুলিশকর্মী।

পুলিশকর্মীদের উপস্থিতি বুঝতে পেরেই পাকুড়তলায় আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুই অভিযুক্ত।

সেই গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ের হাঁটুর কাছে গুলি লাগে। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। শুরু হয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি ও তদন্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, মূল অভিযুক্ত রতন শেখের বাড়ি নানুরের সাতরা গ্রামে। ২০২৩ সালের একটি মামলায় সে বোলপুর সংশোধনাগারে বন্দি ছিল।

শুক্রবার সকালে জামিনে মুক্তি পাওয়ার পর ফের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এরপরই অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।

অবশেষে রবিবার মূল অভিযুক্ত রতন শেখকে আটক করার পর নানুর এলাকায় তাকে নিয়ে অভিযানে যায় পুলিশ।

সূত্রের দাবি, পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালানোর চেষ্টা করে রতন শেখ।

পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা গুলি চালায় বলে জানা গিয়েছে। সেই গুলিতে গুরুতর জখম হয় রতন। পরে তার মৃত্যু হয় বলে সূত্রের খবর।

পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্তের এমন পরিণতি ঘিরে স্বাভাবিকভাবেই বীরভূমজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here