উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে, দধি-কাদা খেলায় নালায় পড়ে প্রাণ গেল শিশুর!

শিলিগুড়ি: জন্মাষ্টমীর উৎসবকে ঘিরে আনন্দে মেতেছিল গোটা এলাকা। কিন্তু সেই আনন্দের মাঝেই নেমে এল শোকের ছায়া।

দধি-কাদা খেলায় অংশ নিতে এসে সকলের নজর এড়িয়ে পাশের নালায় পড়ে মৃত্যু হল ১০ বছরের এক নাবালকের।

ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন সাহুডাঙ্গীর পাঘালুপাড়ার কচু মোড় এলাকার। জন্মাষ্টমী উপলক্ষে সেখানে আয়োজন করা হয়েছিল দধি-কাদা খেলার। স্থানীয়দের ভিড়ে জমজমাট ছিল অনুষ্ঠান। সেই ভিড়ের মধ্যেই কোনওভাবে পাশের নালার জলে পড়ে যায় শিশুটি।

প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তল্লাশি চালানোর পর নালার জল থেকে উদ্ধার করা হয় তাকে।

এরপর দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত শিশুর বাড়ি শিলিগুড়ির কৃষ্ণনগর কলোনি এলাকায় বলে জানা গিয়েছে।

উৎসবের দিনে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। পাশাপাশি, অনুষ্ঠানে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here