পরপর দুই হাসপাতাল থেকে রেফার, আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র!

কলকাতা: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র।

বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতাল আর এন টেগরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে সূত্রের খবর। বিধায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্রের খবর, শনিবার রাত প্রায় ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। পরিস্থিতি বুঝে বাড়ির লোকজন দ্রুত তাঁকে স্থানীয় স্যান্ডেলের বিল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বসিরহাট হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় চার ঘণ্টা চিকিৎসা চললেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে জানা গিয়েছে। এরপর উন্নত চিকিৎসার স্বার্থে তাঁকে কলকাতার আর এন টেগর হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ও কলকাতায় স্থানান্তরের সময়ও জ্ঞান ছিল না বিধায়কের। অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সূত্রের দাবি, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ঠিক কী কারণে আচমকা অসুস্থ হয়ে পড়লেন রেখা পাত্র, তা এখনও স্পষ্ট নয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা পরিবারের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে বিজেপি বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করে উদ্বেগের মধ্যে রয়েছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here