যানজট কমাতে টোটোর রুট নির্দিষ্ট, কিউআর কোডে নজরদারি বাড়াচ্ছে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ!

শিলিগুড়ি: শহরের যানজট নিয়ন্ত্রণে এবার টোটোর চলাচল আরও কড়া নজরদারির আওতায় আনছে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ।

শহরকে ছয়টি নির্দিষ্ট রুটে ভাগ করে টোটোগুলিকে আলাদা পরিচয় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

রুট ১ এর পর সোমবার রুট ২-এর টোটো চালকদের হাতে তুলে দেওয়া হল কিউআর কোড ও কমলা রঙের স্টিকার।

ট্র্যাফিক পুলিশের এই ব্যবস্থায় প্রতিটি টোটো কোন রুটের জন্য নির্ধারিত, তা সহজেই চিহ্নিত করা যাবে।

সোমবার মাল্লাগুড়িতে পুরনো প্রধাননগর থানা চত্বরে জংশন ট্র্যাফিক গার্ড ও পানিট্যাংকি ট্র্যাফিক গার্ডের উদ্যোগে রুট ২-এর চালকদের কিউআর কোড ও স্টিকার দেওয়া হয়।

এদিন প্রায় এক হাজার চালককে তা দেওয়া হয়েছে। বাকি প্রায় এক হাজার চালকের হাতে মঙ্গলবার তুলে দেওয়ার কথা।

রুট ২-এ পোস্ট অফিস মোড় থেকে মাল্লাগুড়ি পর্যন্ত টোটো চলাচলের নির্দিষ্ট রুট তৈরি করা হয়েছে। গোস্টোপাল মোড়, বিধান রোড, চার্চ মোড়, এয়ারভিউ মোড়, গুরুং বস্তি মোড় হয়ে সার্ভিস রোড দিয়ে মাল্লাগুড়ি সহ সেখান থেকে হিলকার্ট রোডের সার্ভিস রোড, এয়ারভিউ মোড় ও বর্ধমান রোড হয়ে জলপাই মোড় পর্যন্ত টোটো চলাচল করবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসিপি ট্রাফিক সুবীর দত্ত-সহ ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা।

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন টোটো চালকদের একাংশ।

তাঁদের মতে, কিউআর কোড ও স্টিকার থাকলে নির্দিষ্ট রুটের টোটো সহজেই শনাক্ত করা যাবে ও অযথা হয়রানির সম্ভাবনাও কমবে। তবে নির্দিষ্ট রুটে চলাচলের ফলে যাত্রীদের অতিরিক্ত পথ ঘুরে যেতে হলে পরিষেবায় তার প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন কয়েকজন চালক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here