শিলিগুড়ি: কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের পরিবর্তে দোকান ও হোটেলে ব্যবহার করা হচ্ছিল ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার এমন অভিযোগের ভিত্তিতে সোমবার অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন বাজারে চালানো এই অভিযানে সহযোগিতা করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
অভিযান চলাকালীন বাজারের একাধিক দোকান ও হোটেল থেকে মোট ৭টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়। বাণিজ্যিক কাজে গৃহস্থের ব্যবহারের গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগেই এই অভিযান বলে জানা গিয়েছে।
এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযানে বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
বাণিজ্যিক ক্ষেত্রে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের ব্যবহার রুখতে আগামী দিনেও নজরদারি ও অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।















































