নদিয়া: প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহ ফিরল তাঁর নিজের শহর কৃষ্ণনগরে।
বুধবার রাত ৮টা ৫২ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে নদিয়া জেলার রাজনৈতিক মহলে।
নদিয়ার রাজনীতিতে তিনি ছিলেন পরিচিত ও প্রভাবশালী মুখ। তাঁর হাত ধরে বহু কর্মী-সমর্থক রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন।
রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের হয়ে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ের মুখ দেখেননি তিনি।
পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ২০১১ সালে প্রথমবার কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন ও মন্ত্রিত্বের দায়িত্ব পান।
মন্ত্রিত্বের দায়িত্বে থাকাকালীন যুব কল্যাণ দফতর, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, কারা দফতর সহ বিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি দফতরের মতো একাধিক গুরুত্বপূর্ণ দফতর সামলেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর গ্রামের বাড়ি পোড়াগাছায়।
সেখানে তাঁর উদ্যোগে গড়ে ওঠা বৃদ্ধাশ্রমেও নিয়ে যাওয়া হয় মরদেহ। এরপর কৃষ্ণনগরের কাঠুরিয়াপাড়ায় তাঁর নিজস্ব বাসভবনে নিয়ে আসা হয়। সেখান থেকে শোকমিছিলের মাধ্যমে মরদেহ পৌঁছয় পোস্ট অফিস মোড়ে।
সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান অসংখ্য মানুষ ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় ধুবুলিয়ায়। সেখান থেকে রেলস্টেশন হয়ে নবদ্বীপ শ্মশানে নিয়ে যাওয়া হবে তাঁর মরদেহ। সেখানেই সম্পন্ন হবে শেষকৃত্য।














































