হাওড়া: সাঁকরাইলে সোনার দোকানে প্রায় ৭০ লক্ষ টাকার গয়না ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।
এই ঘটনায় বিহারের পাটনা থেকে সাতজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪২৯ গ্রাম সোনা ও ৪.২ কেজি রুপো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ নভেম্বর সাঁকরাইলের একটি গয়নার দোকানে ঢুকে বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনার তদন্তে প্রথমে তিনজনের জড়িত থাকার সন্দেহ করা হলেও, পরবর্তী তদন্তে সাতজনের একটি চক্রের হদিশ পান গোয়েন্দারা।
শারীরিক ও প্রযুক্তিগত তথ্যপ্রমাণের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে বিহারের পাটনায় অভিযান চালান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।
সেখান থেকেই সাত অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে তিনজন হাওড়ার বাসিন্দা, দু’জন উত্তর ২৪ পরগনার ও বাকি দু’জন বিহারের বাসিন্দা।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ডিসি ডিডি রাহুল মিশ্র জানান, এই ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে।
পাশাপাশি লুট হওয়া সমস্ত গয়নাও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া গয়না প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
এই ঘটনায় পুলিশের দ্রুত তদন্ত ও আন্তঃরাজ্য অভিযান বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।














































