কলকাতা: পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পেল সোমবার।
কলকাতার লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল আর.এন. রবি ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
এর ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১-এ।
বন্দেমাতরম ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
মুখ্যসচিব মনোজ অগ্রবাল নবনিযুক্ত মন্ত্রীদের নাম ঘোষণা করেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন শঙ্কর ঘোষ, তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, অজয় পোদ্দার, দুধকুমার মণ্ডল-সহ মোট ১৩ জন।
এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো ও ইন্দ্রনীল খাঁ।
পাশাপাশি একাধিক প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে অধিকাংশ মন্ত্রীকে ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে দেখা যায়।
নবনিযুক্ত মন্ত্রীদের অনেকেই পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন, ফলে লোকভবনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সূত্রের খবর, শপথগ্রহণের পর নবনিযুক্ত মন্ত্রীরা নবান্নে যান।
সেখানেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে নতুন মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছিলেন। তাঁর সঙ্গে প্রথম দফায় পাঁচজন মন্ত্রীও শপথ নেন।
সোমবারের সম্প্রসারণের মাধ্যমে রাজ্যের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হল।













































