শিলিগুড়ি: অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও বনমহোৎসবের প্রস্তুতি নিয়ে সোমবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা-র প্রতিনিধি, পরিবেশ কমিটির সদস্য, বন ও দমকল দফতরের আধিকারিক, পুর নিগমের মেয়র-ইন-কাউন্সিল সদস্য, বরো চেয়ারম্যান সহ বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলো।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানান, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৩টি ওয়ার্ডের দায়িত্ব নিয়েছে মহকুমা শাসকের দফতর।
বাকি ১৪টি ওয়ার্ডে শিলিগুড়ি পুরনিগমের মাধ্যমে ফর্ম বিতরণ করা হবে।
এই কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় রক্ষা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।
আগামী বুধবারের মধ্যে প্রয়োজনীয় কিছু তথ্য ও নামের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলেও জানান তিনি।
মেয়র বলেন, অন্নপূর্ণা যোজনার ফর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্মল সাথী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
পাশাপাশি পুরনিগমের বিভিন্ন বিভাগ ও প্রশাসনের অন্যান্য শাখাও এই কাজে যুক্ত থাকবে, যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে ফর্ম বিতরণ সম্পন্ন করা যায়।
অন্যদিকে, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে শহরে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এবারের পরিবেশ দিবসের থিম হিসেবে নেওয়া হয়েছে ‘মা কে নাম এক পেড়’, অর্থাৎ মায়ের উদ্দেশ্যে একটি গাছ রোপণের বার্তা।
এই থিমকে সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
এছাড়াও বনমহোৎসব উপলক্ষে বৃহৎ আকারে বৃক্ষরোপণ কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত বছর পুরনিগমের উদ্যোগে ১০ হাজার গাছ লাগানো হয়েছিল ও সেই গাছগুলির অধিকাংশই এখনও জীবিত রয়েছে বলে দাবি করেন মেয়র গৌতম দেব।
সেই সাফল্যকে সামনে রেখে চলতি বছর আরও বেশি সংখ্যক গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে প্রশাসন, বন দফতর ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয় এদিনের বৈঠকে।












































