বাধ্যতামূলক ‘বন্দেমাতরম’ মুখর স্কুলগুলি
ইসলামপুর: রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সেই নির্দেশ মেনে সোমবার ইসলামপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ে প্রার্থনা পর্বে ‘বন্দেমাতরম’ ও ‘জনগণমন’ গাওয়া হয়।
গ্রীষ্মকালীন ছুটির পর এদিনই প্রথম খুলেছে স্কুল-কলেজগুলি।
নতুন উদ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসা ছাত্রছাত্রীদের কণ্ঠে দেশাত্মবোধক গানে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।
শহরের ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়, ইসলামপুর হাই স্কুল, ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ-সহ একাধিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা একসঙ্গে ‘বন্দেমাতরম’ পরিবেশন করেন।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা জানান, দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগিয়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তাঁদের মতে, শিক্ষার্থীদের মধ্যে দেশভক্তি, শৃঙ্খলা ও জাতীয় মূল্যবোধ গড়ে তুলতে এই ধরনের পদক্ষেপ ইতিবাচক ভূমিকা পালন করবে।
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এদিন ইসলামপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দেমাতরম’ গাওয়ার মাধ্যমে নতুন শিক্ষাপর্বের সূচনা হয়।













































