শিলিগুড়ি কলেজে ছাত্র রাজনীতির উত্তাপ, মুখোমুখি এসএফআই ও এবিভিপি!

শিলিগুড়ি: শিলিগুড়ি কলেজে ফের ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।

মঙ্গলবার কলেজ চত্বরে এসএফআই ও এবিভিপির মধ্যে বচসা সাথে পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এসএফআইয়ের অভিযোগ, তাদের সংগঠনের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে।

এই ঘটনায় সংগঠনের সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে কলেজে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এসএফআই নেতৃত্বের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, এবিভিপির পক্ষ থেকে সংগঠনের নেতা সৌগত দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

তাঁর দাবি, এসএফআইয়ের তোলা অভিযোগের কোনও ভিত্তি নেই।

পাশাপাশি এবিভিপির অভিযোগ, কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে এসএফআই অনিয়ম করেছে ও সেই বিষয়টি আড়াল করতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।

দুই পক্ষের পরস্পরবিরোধী দাবিকে ঘিরে কলেজে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এসএফআই জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে তারা শীঘ্রই কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেবে।

ঘটনার পর কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হলেও এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here