তিস্তার জলে মর্মান্তিক মৃত্যু দুই কিশোরের, শোকে স্তব্ধ ফুলবাড়ি!

শিলিগুড়ি: প্রচণ্ড গরমে স্নান করতে নেমে তিস্তা নদীর জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের।

মঙ্গলবার দুপুরে গজলডোবা সংলগ্ন পারামুন্ডা এলাকায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ফুলবাড়ি এলাকায়।

মৃত দুই কিশোরের নাম কৃষ্ণ মণ্ডল (১৪) ও দ্বীপ বিশ্বাস (১৩)।

তারা দুজনেই সপ্তম শ্রেণির ছাত্র ও ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অম্বিকানগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চার বন্ধু সাইকেল নিয়ে স্কুলে যায়।

কিন্তু স্কুলে পৌঁছে গেট বন্ধ দেখতে পেয়ে তারা ঘুরতে ঘুরতে গজলডোবার পারামুন্ডা এলাকায় পৌঁছায়।

প্রবল গরম থেকে স্বস্তি পেতে তারা তিস্তার জলে স্নান করতে নামে।

প্রথমে এক কিশোর জলে নামার পর আচমকাই গভীর জলে তলিয়ে যেতে শুরু করে।

বন্ধুকে বাঁচাতে আরেক কিশোর জলে ঝাঁপ দিলেও সেও প্রবল স্রোতে তলিয়ে যায়। ঘটনাটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে বাকি দুই বন্ধু।

তারা দ্রুত স্থানীয়দের খবর দিলে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ।

দীর্ঘ তল্লাশির পর নদীর জলের নিচ থেকে উদ্ধার করা হয় দুই কিশোরের নিথর দেহ।

পরে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

এই মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা।

অম্বিকানগর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গজলডোবা ও পারামুন্ডা এলাকায় প্রতিদিন বহু মানুষ স্নান করতে নামলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কীকরণ ব্যবস্থা নেই।

ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে প্রশাসনের তরফে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি উঠেছে এলাকাজুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here