কলকাতা: টালিগঞ্জের স্টুডিওপাড়ায় দীর্ঘদিনের ইউনিয়ন কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন টালিগঞ্জের বিধায়িকা পাপিয়া অধিকারী।
বুধবার টেকনিশিয়ান স্টুডিওতে এসে তিনি জানিয়ে দেন, বর্তমানে প্রচলিত ২৬টি ইউনিয়নের পরিবর্তে ভবিষ্যতে মাত্র চারটি ইউনিয়নের অধীনে কাজ পরিচালিত হবে।
স্টুডিওতে উপস্থিত টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কয়েকজনকে সতর্কও করেন তিনি।
এরপরই পুরনো ইউনিয়ন কার্ড বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই নতুন সদস্যপদ ও কার্ডের জন্য ফর্ম বিতরণ শুরু হবে।
এই সিদ্ধান্তের ফলে স্টুডিওপাড়ার প্রশাসনিক কাঠামো ও কর্মী সংগঠনের ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।
যদিও নতুন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপরেখা এখনও প্রকাশ্যে আসেনি, তবুও এদিনের ঘোষণার পর থেকেই টালিগঞ্জের চলচ্চিত্র ও টেলিভিশন মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, যাঁদের এদিন চিহ্নিত করা হয়েছে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক স্তরে ব্যবস্থা নেওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা চলছে।
ফলে স্টুডিওপাড়ার অন্দরে আগামী কয়েকদিন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।













































