রেললাইনের ধারে যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের সন্দেহে চাঞ্চল্য!

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার বাগডোগরার গোসাইপুর রূপসিংজোত পূর্বপাড়া এলাকায় রেললাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যে।

জানা যায়, শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশের ঝোপঝাড়ে যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও আরপিএফের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয়। মৃতদেহের কিছুটা দূরে যুবকের চটি পড়ে ছিল। এছাড়াও আশপাশে লোহার কিছু টুকরো উদ্ধার হয়েছে। মৃতের মাথার পিছনে ও গলায় আঘাতের চিহ্ন থাকায় খুনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

মৃত যুবকের নাম অভিজিৎ ওরাও (১৯)। সে গোসাইপুর মুলাইজোত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মৃতের বাবা বাবলু ওরাও। তিনি জানান, তাঁর ছেলে দীর্ঘদিন ধরে মাদকের নেশায় আসক্ত ছিল ও গত তিন দিন ধরে বাড়ি ফেরেনি।

ছেলের এই মর্মান্তিক পরিণতিতে তিনি ভেঙে পড়ে। একইসঙ্গে এলাকায় বেড়ে চলা মাদক কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসার বিস্তারের ফলে বহু যুবক নেশার কবলে পড়ছে ও একের পর এক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তাই মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর দাবি তুলেছেন বাসিন্দারা।

তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here