শিলিগুড়ি: গভীর রাতে ব্রাউন সুগারের হাতবদলের আগেই বড়সড় সাফল্য পেল মাটিগাড়া থানার পুলিশ।
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিবহন নগর এলাকা থেকে ২৭৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতদের নাম সুমন বর্মন (২৩) ও অরুণ সাহা (২১)। দুজনেই শিলিগুড়ির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে সাদা পোশাকের পুলিশ পরিবহন নগর এলাকায় নজরদারি চালানোর সময় একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই দুই যুবককে।
তাদের আটক করে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ২৭৮ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
ঘটনার পরই দুজনকে গ্রেপ্তার করা হয় ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করা হয়েছে।
সোমবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে আরো খবর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও বড় মাদক পাচারচক্র জড়িত থাকতে পারে।















































