শিলিগুড়ি: পথকুকুরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিল Association of Veterinary Doctors। পথকুকুরদের বিনামূল্যে অ্যান্টি-রেবিস টিকাকরণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার, ২৯ নভেম্বর সকাল থেকে উত্তরায়ণ টাউনশিপ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে এলাকার পথকুকুরদের চিহ্নিত করে তাদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়া হয়। কুকুরগুলিকে নিরাপদে ধরার জন্য চিকিৎসকদের সঙ্গে ছিল বিশেষ জাল। পাশাপাশি তাদের খাওয়ানোর জন্য আনা হয়েছিল বিস্কুটও।
চিকিৎসকদের মতে, র্যাবিস বা জলাতঙ্ক অত্যন্ত বিপজ্জনক একটি সংক্রামক রোগ। তবে সময়মতো টিকাকরণ ও সঠিক সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই শুধু পোষ্য নয়, পথকুকুরদেরও নিয়মিত টিকাকরণের আওতায় আনা অত্যন্ত জরুরি।
উত্তরবঙ্গের বিশিষ্ট পশু চিকিৎসক অমিত সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল পথকুকুরদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সাথে মানুষ ও প্রাণীর মধ্যে সুস্থ সহাবস্থানের পরিবেশ গড়ে তোলা।
এই উদ্যোগের মধ্য দিয়ে চিকিৎসকরা তুলে ধরেন ‘ওয়ান হেলথ’ বা এক স্বাস্থ্য ধারণার গুরুত্ব। মানুষের স্বাস্থ্য, পশুপাখির স্বাস্থ্য ও পরিবেশের সুস্থতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই তিনটির মধ্যে ভারসাম্য বজায় থাকলেই গড়ে উঠতে পারে সুস্থ ও নিরাপদ সমাজ।
পাশাপাশি পথকুকুরদের প্রতি মানবিক আচরণ, অকারণে তাদের আঘাত না করা ও জলাতঙ্ক প্রতিরোধে সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানান পশু চিকিৎসকরা।
চিকিৎসকদের বার্তা, জলাতঙ্কমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসন বা চিকিৎসকদের উদ্যোগই যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতা। আর সেই লক্ষ্যেই বিনামূল্যে টিকাকরণ ও সচেতনতা কর্মসূচির মধ্য দিয়ে মানবিক সমাজ গড়ার বার্তা দিলেন শিলিগুড়ির পশু চিকিৎসকরা।














































